প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2026 ইং
খাদ্যপণ্যের বাজারে ‘সিন্ডিকেট’ শব্দই যেন না থাকে: খাদ্যমন্ত্রী*

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে ‘সিন্ডিকেট’ বলে কোনো শব্দ যেন না থাকে, সরকার সে লক্ষ্যেই কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে সিএসডি (খাদ্যগুদাম) ও নারায়ণগঞ্জ সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না। আমরাও চাই, সিন্ডিকেট বলে যেন কোনো শব্দই না থাকে। কারণ সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।’
দেশের খাদ্য মজুত ও বাজার পরিস্থিতি ভালো রয়েছে জানিয়ে তিনি বলেন, খাদ্য সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা কৃষকদের কাছে শতভাগ ফসল সংরক্ষণের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করছি। ভবিষ্যতে আরও করব।’
তিনি বলেন, জনগণের কাছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়াই খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। দেশের খাদ্যগুদাম ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো আরও উন্নত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, প্রকল্পটি চালুর নির্দিষ্ট সময় এখনো নির্ধারণ করা হয়নি। মঙ্গলবার প্রকল্পটি পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এটি চালুর চেষ্টা করা হবে।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল পরিদর্শনের মাধ্যমে খাদ্যমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হয়। পরে তিনি নারায়ণগঞ্জ সাইলো ও সেখানে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।
বিকেলে তিনি বন্দরের সিএসডি খাদ্যগুদাম ও সাইলো পরিদর্শন করেন। এ সময় খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, গুদাম ও সাইলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাদ্য সংরক্ষণাগার ও স্থাপনা পরিদর্শন করা হচ্ছে। এসব স্থাপনার অবস্থা, খাদ্যশস্য সংরক্ষণব্যবস্থা ও কর্মীদের কাজের পরিবেশ সরেজমিনে দেখে প্রয়োজনীয় উন্নয়ন এবং সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য এড আবুল কালাম ও তার রাজনৈতিক সচিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কাউসার আশা সহ বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদ নাজমুল হক রানা, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকা ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, সহ বন্দর থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট